জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে

যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসির উদ্দিন উভয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিতব্য ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত হলো।

আরও পড়ুনঃ কুমার নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। সম্প্রতি তিনি বিএনপির মহাসচিব পদ থেকে অব্যাহতি নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক দৃঢ়তা, বক্তব্যের শালীনতা ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি দেশের রাজনীতিতে পরিচিত মুখ।

অন্যদিকে ড. কর্নেল (অব.) অলি আহমদ একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা। মুক্তিযুদ্ধে অসামান্য নেতৃত্বের জন্য তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। পরবর্তী সময়ে বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হয়ে তিনি দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

আরও পড়ুনঃ বিএনপির নীতি নির্ধারণী ফোরামে ৪ নতুন মুখ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটা নিশ্চিত বলে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও ড. অলি আহমদের প্রার্থী হওয়ায় নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে মনে করছেন অভিজ্ঞ রাজনীতিকরা।

তাদের মতে, দুই প্রার্থীর অংশগ্রহণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ধারায় নির্বাচনের গুরুত্ব বাড়িয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও সংবাদ