বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে জাপানের টয়োটা। ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (HEV) উৎপাদন শিল্প স্থাপনের কাজ শুরু হবে। ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়।
বৈঠকে টয়োটা বাংলাদেশের কার্যক্রম সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহ প্রকাশ করে।
টয়োটা জানায়, দেশের সব বিভাগীয় পর্যায়ে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ তৈরি এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতেও প্রতিষ্ঠানটি আগ্রহী।
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। টয়োটা এসব খাতে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে প্রধানমন্ত্রী জানান।





