গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তি ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সোমবার (৫ অক্টোবর) সকালে শুরু হওয়া বিক্ষোভ শেষে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা। সূত্র: দেশ টিভি।
বিক্ষোভকারীরা মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে সংগঠনটির সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, গ্রেপ্তার চার নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, তাঁরা সরকারকে সহযোগিতা করতে চান। তবে নেতাদের মুক্তি ও উচ্ছেদ অভিযান বন্ধের দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে। অন্যান্য দাবিদাওয়া নিয়েও সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।
এর আগে গত ১ অক্টোবর সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তাঁর ছেলে ইয়াসিন, সেন্টু ও রহিম মহাজন। তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদেই এ বিক্ষোভ ও আলটিমেটাম দেওয়া হয়।
সূত্র: সময়ের কণ্ঠস্বর।





