জাতীয়

১০ বছরেও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, “আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।”

আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, দলটি ক্ষমতায় থাকাকালে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না।

নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্বারোপ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শুধু অর্থশালী বা বিত্তবান ব্যক্তিরাই নন, জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে—এমন সাধারণ মানুষেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে নির্বাচনে অংশ নিতে পারেন।

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্পিকার বলেন, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোলার গ্যাস স্থানীয়দের অধিকার

ভোলার প্রাকৃতিক গ্যাসের প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, জেলাটিতে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। ভবিষ্যতে আরও গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ভোলার সাধারণ মানুষেরও গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য কষ্ট করছেন স্থানীয় বাসিন্দারা। ভোলার মানুষের কাছে গ্যাস পৌঁছে দেওয়া তাঁদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি।

এ বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান স্পিকার।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের আরও সংবাদ