ফেনীর ফুলগাজীতে নিজের নানাবাড়ি এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়কালে আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘মা তো নেই, এখন আপনাদেরই উচিত আমাকে দেখে রাখা। আমাকে দেখে রাখার দায়িত্ব কার, আপনাদের না? আপনারা কি আমাকে দেখে রাখবেন?’
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মানুষের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর তিনি ফুলগাজীতে এসেছেন। তাই বেশি বক্তব্য না দিয়ে নানাবাড়ির পরিবারের সদস্য ও আপনজনদের সঙ্গে মনের কিছু কথা ভাগ করে নিতে চান।
এ সময় উপস্থিত লোকজন তাঁর বক্তব্যে সম্মতিসূচক সাড়া দেন।
এর আগে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সেবায়েত ও পুরোহিতদের সম্মানী ভাতা বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
আরও দেখুন: বিদ্যুৎ নিয়ে কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে : রিজভী
কৃষক কার্ড কর্মসূচির আওতায় ফেনী জেলায় ৫ হাজার ৬৪৩ জনকে কার্ড দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে ১০ জনের হাতে সরাসরি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর।