রাজনীতি

জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: হুইপ নিজান

এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেছেন, ভবিষ্যতে সরকার পরিবর্তন হতে হবে গণতান্ত্রিক ধারায়। জনগণ না চাইলে তাঁরাও ক্ষমতায় থাকবেন না।

রোববার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রামগতি থানা-পুলিশের উদ্যোগে আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান বলেন, ‘এখন থেকে গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তন হবে। ইলেকশনবিহীন, বিনা ভোটে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। জনগণ না চাইলে আমরাও থাকব না। আমাদের পরে অন্যরা আসবে। সেটা অবশ্যই গণতান্ত্রিক ধারায় আসতে হবে।’

নিজের নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি মোট চারবার নির্বাচনে অংশ নিয়েছেন। এবারের নির্বাচনে ব্যতিক্রম ছিল—তাঁকে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কোনো টাকা দিতে হয়নি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের সংস্কার ও মেরামত করতে হবে। নষ্ট হয়ে যাওয়া প্রতিটি প্রতিষ্ঠান ও খাতকে নতুন করে গড়ে তোলা প্রয়োজন।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে হুইপ নিজান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এ জন্য পুলিশ-প্রশাসন, সাংবাদিক, খেলোয়াড় ও বিরোধী মতের রাজনৈতিক ব্যক্তিদের আগামী পাঁচ বছর প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকারকে সহযোগিতা করলে রাষ্ট্রকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে। অন্যথায় ভবিষ্যতে বিএনপি সরকার দেশকে শেষ করে দিয়েছে—এমন অভিযোগ উঠতে পারে।

অনুষ্ঠানে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ শামছুল আলম, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, রামগতি পৌরসভার সাবেক মেয়র সাহেদ আলী পটু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ জুয়েলসহ অন্যরা।

সূত্র: কালের কণ্ঠ

এ বিভাগের আরও সংবাদ