খুলনার দাকোপ উপজেলার নলিয়ান হয়ে মোংলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।
হেলিকপ্টার থেকে নামার পর প্রধানমন্ত্রী হেঁটে নলিয়ান কোস্ট গার্ডের পন্টুনে যান। পরে সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
এ সময় নলিয়ান বাজার মোড়ে অপেক্ষমাণ শত শত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। হাত নেড়ে অভিবাদন জানানোর পাশাপাশি উপস্থিত মানুষের সঙ্গে করমর্দনও করেন তিনি। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান।
এ ছাড়া সফরসঙ্গী হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





