জাতীয়

ভাতার আওতায় ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান

ইমাম-পুরোহিতসহ প্রধান ধর্মীয় কর্মীরা পাবেন ৫ হাজার টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আনছে সরকার। এর ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী মাসিক সম্মানী পাবেন। এ কর্মসূচির জন্য চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন তালিকায় রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক কোটার মাধ্যমে মসজিদ ও মন্দির নির্বাচন করা হবে। বৌদ্ধ বিহার ও গির্জার সংখ্যা জেলাভিত্তিক নির্ধারণ করা হবে।

সম্মানী হিসেবে ইমাম, পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও যাজক মাসে ৫ হাজার টাকা করে পাবেন। মুয়াজ্জিন, সেবাইত, উপাধ্যক্ষ ও সহকারী যাজক পাবেন ৩ হাজার টাকা। আর মসজিদের খাদেমরা পাবেন ২ হাজার টাকা মাসিক সম্মানী।

সরকার জানিয়েছে, সম্মানীর অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতিতে পাঠানো হবে। পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন কর্মীকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ