সারাদেশ

বিদ্যুৎ নিয়ে কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

বিদ্যুৎকেন্দ্রের একের পর এক কারিগরি ত্রুটি নিয়ে প্রশ্ন রিজভীর

দেশে একের পর এক বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটির ঘটনায় নাশকতা বা ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ধারাবাহিক এসব সমস্যার পেছনে কোনো রহস্য বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির পর ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটও বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘একের পর এক কারিগরি ত্রুটি হচ্ছে, কোথাও একটা ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে—এটা কেন হচ্ছে?’ মানুষের মনে এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা পরিশোধ করছে। ভারতের সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত চুক্তির আওতায় পাওনাও দেওয়া হচ্ছে। এরপরও কেন ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

দেশের গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সরকার মাত্র ছয় মাস দায়িত্বে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় জ্বালানি আমদানিতেও সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের বাধা বা ষড়যন্ত্র হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিভাগের আরও সংবাদ