বাদশাহ মিয়া:
”খেলাধুলা হোক সম্প্রীতির বন্ধন, মাদকমুক্ত হোক আমার সমাজ গঠন”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদীর উত্তর চন্ডিবরদী বাস স্ট্যান্ড মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
বুধবার (১০ জুন) বিকেলে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যুবসমাজের উদ্যোগে আয়োজিত ৬ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গ্রিন ফরেস্ট ফুটবল ক্লাব ও দাদু ভাই ফুটবল একাদশ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধে উভয় দলই ১-১ গোলে সমতায় ফেরে। খেলার দ্বিতীয় অর্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো দলই গোল করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। অবশেষে টাইব্রেকারে গ্রিন ফরেস্ট ফুটবল ক্লাবকে হারিয়ে জয়লাভ করে দাদু ভাই ফুটবল একাদশ।
ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন কবির হোসেন। মাঠ থেকে সরাসরি চমৎকার ধারাভাষ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেন মো. নজরুল ইসলাম ও সাহিদ হাসান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মজিবুর রহমান, বিএনপি নেতা বেলায়েত হোসেন পিরু, বিশিষ্ট সমাজপতি আউয়াল মুন্সি, বিএনপি নেতা এমদাদ ফকির, যুবদল নেতা জসিম মোল্লা, মো. নুরুল ইসলাম, বশার শেখ এবং ওলামা দল নেতা মিজান মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, মুকসুদপুর ক্রীড়া সংস্থার সভাপতি সাইফুল ইসলাম পান্নু, সদস্য সুমন সরদার, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।
টুর্নামেন্টটি সার্বিক পরিচালনায় রয়েছেন স্থানীয় যুবক রাসেল শেখ, রিদয় মোল্লা ও শুভ শেখ। টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছেন বল্লভদী ইউনিয়ন যুবদল নেতা শাজাহান শরিফ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ওহিদুল ইসলাম, সাংবাদিক হাসান মোল্লা এবং ব্যবসায়ী রিদয় শেখ।