দীর্ঘদিন ধরে নাগরিক দুর্ভোগে রয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার বাসিন্দারা। জরাজীর্ণ সড়ক, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সংকট ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
সমস্যা সমাধানে ‘রুরাল আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর আওতায় ২৯৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ২৪টি উন্নয়ন স্কিম প্রস্তাব করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, বর্জ্য শোধনাগার স্থাপন এবং মিনি স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনা রয়েছে।
মুকসুদপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদ আশিক কবীর জানান, পৌরসভাকে পরিকল্পিত ও আধুনিক করে গড়ে তুলতে কাজ চলছে। প্রথম পর্যায়ে প্রায় ২০ কোটি টাকার একটি স্কিম অনুমোদনের আশা করা হচ্ছে।
দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সূত্রঃ জাতীয় দৈনিক সরেজমিন বার্তা





