বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের বৈদ্যের মোড় নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় জ্যাকনিল বিশ্বাস মালা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। গত ৩ মে ২০২৬, রবিবার উপজেলা সদর থেকে অফিসের কাজ শেষে ফেরার পথে বৈদ্যের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাস্তার ওপর শুকানোর জন্য বিছিয়ে রাখা ধানের খড় ও নাড়ার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে (স্লিপ করে) যায়। এতে মোটরসাইকেল আরোহী জ্যাকনিল বিশ্বাস ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার শরীরের ৪টি হাড় ভেঙে গেছে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসী সড়কে ধানের খড় ও নাড়া ফেলে রাখার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত রাস্তা পরিষ্কার এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।