গোপালগঞ্জ

মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

আরও পড়ুন

বাদশাহ মিয়া | মুকসুদপুর (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে কাজী ইমরান (৪৩) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কাজী ইমরান উপজেলার আদমপুর গ্রামের আ. রাজ্জাক কাজীর ছেলে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।


স্থানীয় সূত্রে জানা যায়, কাজী ইমরান তার দোকানে মরা গরুর পঁচা মাংস বিক্রির উদ্দেশ্যে রাখেন। দোকান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত পঁচা মাংস স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ