বাদশাহ মিয়া, মুকসুদপুর:
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকেরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষকের প্রতি আমার অনুরোধ, আপনারা বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা অন্য কোনো দলের রাজনীতি করবেন না। রাজনীতি করতে চাইলে অবসরে গিয়ে করবেন।” তিনি আরও বলেন, “সমাজের কাউকে বাদ রেখে সমাজের উন্নয়ন করা সম্ভব নয়। তাই সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।”
শনিবার (১১ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল কাইয়ুম শরিফ।
নওহাটা আর.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়ার সঞ্চালনায় শিক্ষকদের মধ্য থেকে আরও বক্তব্য রাখেন বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হাসান, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মৌলভী এ. হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এবং মুকসুদপুর সরকারি এস.জে. মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করে প্রধান অতিথির হাতে তুলে দেন প্রভাকরদী মাদ্রাসার সুপার মো. রবিউল ইসলাম।