বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির প্রায় ৪০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।