• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন

Published বুধবার, ১০ জুন, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের চার গ্রামের সমন্বয়ে গড়ে ওঠা ‘পি কে এইচ যুব সংগঠন’ সমাজসেবা, মানবিক সহায়তা এবং মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে এলাকায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। ২০২০ সালে মাত্র ৩০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি বর্তমানে ১২০ জন সদস্যের একটি শক্তিশালী সামাজিক সংগঠনে পরিণত হয়েছে।

​সংগঠনের সদস্যরা প্রতি মাসে জনপ্রতি ১০০ টাকা করে চাঁদা প্রদান করেন। এছাড়াও সামর্থ্য অনুযায়ী অনেকে অতিরিক্ত অর্থ দিয়ে সংগঠনের তহবিলে অবদান রাখেন। সদস্যদের এই অবদানের মাধ্যমে গঠিত তহবিল থেকে ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকার অনুদান অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

​সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সদস্যদের মিলনকেন্দ্র হিসেবে পশারগাতি আমিন বাজার ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় সংগঠনের নিজস্ব একটি ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে নিয়মিত সভা, পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়।

​প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। অসুস্থ ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, বিবাহযোগ্য অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা, রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।

​মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিভিন্ন সময় ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও ফুটবলসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করা হচ্ছে।

​সংগঠনের সভাপতি মোঃ হাসিবুল ইসলাম বতু বলেন, “আমরা চাই যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, সমাজসেবা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হোক। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

​সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম মিয়া বলেন, “সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতায় আমরা ইতোমধ্যে বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।”

​স্থানীয়দের মতে, পি কে এইচ যুব সংগঠন ইতোমধ্যে এলাকায় সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা করছেন এলাকাবাসী।


More News Of This Category