গোপালগঞ্জের মুকসুদপুরে বিশেষ অভিযানে জব্দ করা অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অবৈধ চায়না জাল জব্দ করা হয়।
উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকা, কাউনিয়া ও তাড়াইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা ৮২টি অবৈধ চায়না জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও দেখুনঃ কুমার নদকে ঘিরে গড়ে থাকা মুকসুদপুর
এ সময় উপস্থিত ছিলেন খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমারত শেখ, সমাজসেবক সাইফুল ইসলাম আসলাম মুন্সী, ইউপি সদস্য মন্টু মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল হক বলেন, অবৈধ চায়না জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ হুমকির মুখে পড়েছে। মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





