বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন দলের কেন্দ্রীয় নেতারা।
এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারপ্রাপ্ত মহাসচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেবেন।
৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে।
একই সঙ্গে ১ সেপ্টেম্বর সারাদেশের জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন ইউনিট সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।





