গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও বিবাহ নিবন্ধকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ সরকারি সহায়তা না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন মুকসুদপুরের চাষিরা
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু ও মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টুসহ অনেকে।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিবাহ নিবন্ধকরাও (কাজী) উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃমুকসুদপুরে ছেলের মরদেহ দেখে বাবারও মৃত্যু, একসঙ্গে জানাজা
সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, কাজীসহ সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় চ্যালেঞ্জ। বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।”
তিনি বলেন, কোনো এলাকায় বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া গেলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্দিষ্ট বয়স পর্যন্ত তাকে শিক্ষার সুযোগ দিতে হবে। বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।





