জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্রোহ ও সাম্যের কবি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাতের আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনও নানা কর্মসূচি পালন করছে।
১৮৯৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেন নজরুল। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা ‘দুখু মিয়া’ মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে বাংলা সাহিত্য ও সংগীতে অসামান্য অবদান রাখেন।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে সপরিবারে বাংলাদেশে আসেন নজরুল। তাঁকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি-লিট এবং ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার নাগরিকত্ব ও একুশে পদক দেয়।
এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নজরুল একাডেমি তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।





