রোজবার্তাঃ
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সব ক্ষেত্রের মতো শিক্ষাখাতেও আমূল পরিবর্তন ঘটাতে চাচ্ছে। সরকারের এই স্বল্পমেয়াদী পরিকল্পনায় থাকছে বেশ কিছু আধুনিক উদ্যোগ:
নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ১৮০ দিনের কর্মপরিকল্পনায় শিক্ষকদের হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আগামী ৬ মাসের মধ্যে প্রথম পর্যায়ে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের হাতে ৫০ হাজার ট্যাব তুলে দেবে সরকার।
শিক্ষকদের ডিজিটাল ডিভাইসে অভ্যস্ত করা, ইন্টার-অ্যাক্টিভ শিখন পদ্ধতি বাস্তবায়ন এবং ক্লাসরুমে তথ্যপ্রযুক্তির ব্যবহার শতভাগ নিশ্চিত করতেই এই প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে শিক্ষকদের ডাটাবেজ হালনাগাদের কাজ শুরু করেছে এবং দ্রুতই এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করা হবে। পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ এডুকেশন অপারেটিং সিস্টেমসহ এলএমএস (LMS), কনটেন্ট রিপোজিটরি, টিচিং-লার্নিং ম্যাটেরিয়ালস এবং ম্যানেজমেন্ট টুলস (শিক্ষার্থী মূল্যায়ন, উপস্থিতি ও ফলাফল তৈরি) সম্বলিত প্ল্যাটফর্ম প্রস্তুত করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে আগামী ১৮০ দিনের মধ্যে ২০ হাজার ক্লাসরুমে মাল্টিমিডিয়া সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে চালু থাকা মাল্টিমিডিয়া সিস্টেমগুলো পর্যবেক্ষণ ও সংস্কারের পাশাপাশি নতুন করে এই ২০ হাজার ক্লাসরুমকে প্রযুক্তির আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিকভাবে আগামী ১৮০ দিনের মধ্যে দেশের দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান করা হবে। শিক্ষক মিলনায়তন, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও কমনরুমগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।