বাদশাহ মিয়াঃ
”জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৬”-এ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোঃ নূর ইসলাম (বাকী)। তিনি উপজেলার ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাইমের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মোঃ নূর ইসলাম বাকী বলেন, ‘বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুপ্রেরণা ও সহযোগিতায় আমার এ অর্জন সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, তিনি ২০২৩ ও ২০২৪ সালেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০২৫ সালে তিনি শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। তাঁর তত্ত্বাবধানে ২০১৯ সালে বিদ্যালয়টি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এই সফল ও শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষাক্ষেত্রসহ সকল ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের টেংরাখোলা গ্রামের স্থায়ী বাসিন্দা।