রোজবার্তা: চুরির টাকায় জমি কিনে ‘সদ্ব্যবহার’ করেছে টিটন খান (৩৬) ও ইউনুস শেখ (৪৭) নামের দুই চোর। দীর্ঘদিন পেশাদার চোর হিসেবে সিদ্ধহস্ত এই দুইজনের নামে ইতিপূর্বে চুরির ১৫টি মামলা রয়েছে। এবারের চোরাই টাকা জমি ক্রয়ে ব্যয় করে রশিদসহ ধরা পড়েছে তারা।
এই অভিনব ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদরে। গত ৯ ফেব্রুয়ারি দুপুরে শহরের ইসলামী ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষের টেবিলের নিচে থাকা বাদী ফজলুল হকের নগদ ২০ লাখ টাকা চুরি করে পালিয়ে যায় দুই চোর। তাদের সন্ধানে ২১ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে খুলনার দিঘলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের সময় চোরদের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত ১৫৫ সিসি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বাকি টাকা কোথায়—জিজ্ঞাসাবাদে তারা জমি কেনার রশিদ দেখায়।
পুলিশ উপপরিদর্শক হাসানুর রহমান জানান, তারা উভয়েই পেশাদার চোর। প্রাথমিক তদন্তে দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১৫টি চুরির মামলা পাওয়া গেছে।