
বাদশাহ মিয়া, মুকসুদপুর:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর গ্রামের সাবেক প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় চুরির বিষয়টি জানাজানি হলে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি মুকসুদপুর কলেজের সাবেক প্রভাষক অমল কৃষ্ণ দাস বিকেলে তাঁর পরিবারসহ বাসায় তালা দিয়ে বাইরে ঘুরতে যান। এরপর রাত ৮টার দিকে বাসায় ফিরে এসে দেখেন, দরজার তালা ভাঙা। দ্রুত বাসায় প্রবেশ করে তাঁরা দেখতে পান ঘরের বিছানা ও আসবাবপত্র সব তছনছ করা। চোরেরা স্টিলের আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী অমল কৃষ্ণ দাস বলেন, “আমরা বাইরে থেকে ফিরে দেখি গেটের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি চোর বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।”
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।