
বাদশাহ মিয়া, মুকসুদপুর:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
শনিবার (৩০ মে) সকাল ১১টা থেকে তিনি পৌরসভার বিভিন্ন এলাকার এই বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও পৌরসভার বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকা ঘুরে দেখেন। কোথাও কোরবানির পশুর বর্জ্য ও রক্তের দাগ দেখা গেলে তাৎক্ষণিকভাবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে তা পরিষ্কার করার ব্যবস্থা নেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ায় পৌর এলাকার পরিবেশ স্বাভাবিক ও পরিচ্ছন্ন রয়েছে।
এ সময় পৌরবাসীকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির। তিনি বলেন, “জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”