• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

ফরিদপুর-১ আসনে সকল প্রার্থীর মনোনয়ন বাতিল

Published রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নিউজ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ব্যতিক্রমী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসনটিতে নির্বাচন কমিশনের কাছে দাখিলকৃত ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিকভাবে কাউকেই বৈধ ঘোষণা করা হয়নি। যাচাই-বাছাই শেষে সাতজনের প্রার্থিতা বাতিল এবং আটজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল

যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া সাতজনই স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন বিধিমালা অনুযায়ী মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থনের সত্যতা যাচাইয়ে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা হলেন—জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বিএনপির বিদ্রোহী শামসুদ্দিন মিয়া ঝুনু, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো এবং বিএনপি মনোনীত প্রার্থীর স্ত্রী লায়লা আরজুমান বানু।

বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

এই আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। হলফনামায় উল্লেখিত সম্পদের বিবরণীর সঙ্গে আয়কর নথির অসঙ্গতি ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়। বার্ষিক আয়ের তথ্যে ত্রুটির কারণে জামায়াত মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

আরও ছয় প্রার্থীর মনোনয়ন স্থগিত

মামলাসংক্রান্ত তথ্য উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খানের মনোনয়ন স্থগিত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার কপি দাখিল না করায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ খালেদ বিন নাছের এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তির মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। অন্যান্য প্রশাসনিক ও বিধিগত ত্রুটির কারণে জাতীয় ঐক্যফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাতের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

সংশোধনের সুযোগ

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে, তাঁদের আজ (রবিবার) বিকেল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী ও কাগজপত্র দাখিল করলে বিধি অনুযায়ী পুনরায় যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মনোনয়ন সংশোধন ও আপিল প্রক্রিয়া শেষে ফরিদপুর-১ আসনে কারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

সূত্র : বাংলাদেশের খরব।


More News Of This Category