বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সাতজন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন গোবিন্দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ-সভাপতি সিদ্দিক সরদার ও মোঃ আজগর সরদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর সরদার, সদস্য মোঃ শওকত সরদার, তোজাম সরদার এবং মামুন মিয়া।
লিখিত বক্তব্যে তারা জানান,
“আমরা স্বেচ্ছায় ও সম্পূর্ণ স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”
তারা আরও জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। তবে পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর একটি অংশ উপস্থিত ছিলেন।