বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত ভুয়া পুলিশ রাকিব শেখ (৩০) উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাট্রা গ্রামের মৃত হাই শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামের ঘাগর বালার ছেলে গগন বালার বাড়িতে পুলিশের কটি (জ্যাকেট) পরিহিত অবস্থায় রাকিব ঘরে ঢোকে এবং বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাতে শুরু করে। তার আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটকে জেরা করে। একপর্যায়ে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গগন বালার বাড়ি থেকে রাকিব নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশের কটি এবং একটি চাকু জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।