বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে মনিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘিরপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনিয়া ওই গ্রামের কেয়া আলম শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বাবা-মায়ের ওপর অভিমান করে ভোররাতের কোনো একসময় মনিয়া নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে মরদেহটি নিচে নামায়। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।