বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র উদ্বোধন করা হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যৌথ আয়োজনে উপজেলার দক্ষিণ জলিরপাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে দক্ষিণ জলিরপাড় থেকে গজারিয়া সড়কে ৩০০টি তালের চারা, ১০০টি সোনালির চারা এবং ১০০টি নিমের চারা রোপণ করা হয়। এছাড়া কর্মসূচির আওতায় উপজেলার ১৬টি ইউনিয়নেই একযোগে চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মন্ডল, কলিগ্রাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর শাখারী এবং জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগার মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবং গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিকনির্দেশনায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও জানান, উপজেলার ১৬টি ইউনিয়নেই গাছের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২০০টি করে চারা রোপণ করা হবে।