বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল মাতুব্বরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ রবিবার (১৪ জুন) সকালে উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ব্যানার প্রদর্শন করেন এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন মাইকেল ও পলাশ শেখ পরিকল্পিতভাবে প্রতিবেশী শহীদুলকে হত্যা করে তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃত করে দিয়েছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর কবির আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ জুন শহীদুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গত ৯ জুন শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট থেকে উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরে ১০ জুন এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে (৩৪) আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।