রোজবার্তা:
মানুষের সফলতা ও ধ্বংস নির্ভর করে তার ব্যক্তিগত কর্মের উপর। বেশিরভাগ মানুষ নিজস্ব স্বভাব ও স্বার্থের নিয়ন্ত্রণ হারিয়ে শয়তানের ইশারায় মানবিক গুণাবলী হারিয়ে বিভ্রান্ত হয়। তারা মনে করে তাদের সফলতা নির্ভর করে নিজেদের উপার্জন ও সক্ষমতার উপর। কিন্তু তারা জানে না—মানুষকে সত্যিকার অর্থে সফল হতে হলে সর্বোপরি মহান আল্লাহ পাকের নিকট আত্মসমর্পণ করতে হবে এবং তাঁর নির্দেশিত পথেই এগোতে হবে। অন্যথায় তারা কোনোদিন প্রকৃত সফল ও সন্তুষ্ট হতে পারবে না; বরং প্রতিনিয়ত বিপথগামী ও বিভ্রান্ত হবে।
পবিত্র কোরআন মাজিদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে মানুষের সফলতা অর্জনের সুস্পষ্ট পথনির্দেশিকা যেমন রয়েছে, তেমনি রয়েছে মানুষের অনিবার্য ধ্বংসের কারণসমূহ। নিম্নে মানুষের ধ্বংসের অনিবার্য কারণের মধ্যে অন্যতম ৭টি তুলে ধরা হলো—
১. ধ্বংস তার জন্য, যে মানুষের পেছনে অপবাদ রটায়। (সুরা হুমাযা, আয়াত ১)
২. ধ্বংস তাদের জন্য, যারা আন্দাজে কথা বলে। (সুরা আয-যারিয়াত, আয়াত ১০)
৩. ধ্বংস তাদের জন্য, যারা আল্লাহর সঙ্গে শিরক করে। (সুরা হা-মিম সিজদাহ, আয়াত ৬)
৪. ধ্বংস তাদের জন্য, যারা আল্লাহর নামে মিথ্যা রটায়। (সুরা আম্বিয়া, আয়াত ১৮)
৫. ধ্বংস তার জন্য, যে মানুষকে সামনে অপমান করে। (সুরা হুমাযা, আয়াত ১)
৬. ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী ও পাপাচারীর জন্য। (সুরা জাসিয়া, আয়াত ৭)
৭. ধ্বংস সেই সকল লোকের জন্য, যারা পরিমাপে কম দেয়। (সুরা মুতাফফিফিন, আয়াত ১)
মহান রাব্বুল আলামিন আমাদের জন্য সঠিক পথ সহজ করুন। আমিন।