বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ)
সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানাবিধ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়।
ভোর ও শ্রদ্ধাঞ্জলি: সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এসময় উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন।
কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ: সকালে স্থানীয় কেজি স্কুল মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে মুকসুদপুর থানা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মুকসুদপুর থানার এস আই আঃ সালাম প্যারেড পরিচালনা করেন। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্মৃতিচারণ ও সংবর্ধনা সভা: দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ: অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিন। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।