বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে শাহজালাল শেখ (৪৮) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সদর বাজারের ফায়ার সার্ভিস সংলগ্ন শাহজালালের দোকানে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। অভিযানে ভাটিয়াপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।
দণ্ডপ্রাপ্ত শাহজালাল শেখ উপজেলার প্রভাকরদী গ্রামের মৃত আবু শেখের ছেলে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার গোপন সংবাদ পেয়ে ওই দোকানে অভিযান চালানো হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ (১) ধারায় ব্যবসায়ী শাহজালাল শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।