বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে সিয়াম মোল্যা (১৭) নামের এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার ৪ বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যার দুই দিন পর সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সিয়াম মোল্যা উপজেলার ঝুটিগ্রামের ইতালি প্রবাসী লিখন মোল্যার ছেলে এবং মুকসুদপুর কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ থেকে নিখোঁজ ছিল সিয়াম। সোমবার রাতে ঝুটিগ্রামের একটি পুকুরে কচুরিপানার ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিয়ামের মরদেহ উদ্ধার করে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে— সিয়ামের আইফোন ও সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের অর্থ জোগাড় করতেই এই হত্যার পরিকল্পনা করে তার ৪ বন্ধু। অভিযুক্তরা হলো:
পরিকল্পনা অনুযায়ী, গত শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।
এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দিদার (১৪) ও পারভেজকে (১৫) গ্রেফতার করেছে। বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, সিয়ামের মা মৃত এবং বাবা প্রবাসে থাকায় সে ঝুটিগ্রামের নানাবাড়িতে থাকতো। সামান্য ফোন আর নেশার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধুর এই নৃশংস মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।