ডেস্ক রিপোর্ট:
আঠারো কোটি জনসংখ্যার বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড সারাবিশ্বে ছড়িয়ে থাকা আমাদের প্রবাসীরা। দেশ মাতৃকার সমস্ত পরিবেশ, পরিস্থিতি ও দূর্যোগে তাদের থাকে অগ্রগণ্য ভূমিকা। সেই সাথে দেশের রাজনীতি, অর্থনীতি সহ আইন শৃঙ্খলা সম্পর্কে হাজার মাইল দূরে থেকেও তাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা সহ নিজের পরিবার, পরিজন, আত্মীয়দের মাঝে দারুণ ভাবে প্রভাবিত হয় তাদের রাজনৈতিক চিন্তাচেতনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও আর্থসামাজিক উন্নয়নে কোন দল বা সরকার বেশী জরুরী সেই দর্শন।
এসব ছাপিয়ে তাদের দীর্ঘদিনের এই পরোক্ষ প্রভাব এবারই প্রথমবারের ন্যায় স্পষ্ট হবার সুযোগ সৃষ্টি হয়েছে জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক সূচনা করা পোস্টাল ভোটিং সিস্টেমের মাধ্যমে। যেখানে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নকরণে মধ্যদিয়ে তারাও নির্বাচন ক্ষেত্রে সরকারি ভোট দানের সুযোগ পাচ্ছেন। যাকে বলা হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) ১০টা ৮ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।
তথ্যানুযায়ী, ৮ লাখ ৪৫ হাজার ১১৮ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭ লাখ ৬৫ হাজার ৪১২ জন পুরুষ ও ৭৯ হাজার ৭০৪ জন নারী রয়েছেন।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৭ জন, এরপর রয়েছে কাতার, এই দেশে ৬১ হাজার ৬৪৩ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৪৬ হাজার ৫৯২ প্রবাসী ভোটার, মালয়েশিয়া থেকে ৪৬ হাজার ৩৮৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৯৮৪ ও যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৬ হাজার ৪৮৫ জন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোেট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।