রোজবার্তাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গোপালগঞ্জ জেলার অন্যতম আলোচিত স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এইচ খান মঞ্জু। তাদের ভোটের ব্যবধান ৭ হাজার।পেশায় চিকিৎসক ডা. বাবর ছাত্রজীবনে বরিশাল মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাবের একজন নেতা এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও ২০১৮ সালে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রার্থী তালিকায় তার নাম ছিল। যদিও এবারই প্রথমবারের মতো বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করে ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
দ্বিতীয় স্থান অর্জনকারী অধ্যক্ষ এম এইচ খান মঞ্জু গোপালগঞ্জ জেলার অন্যতম আলোচিত ও পরিচিত প্রার্থী। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এই নেতা অতীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা ও সড়কসহ জেলার অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সভাপতি এম এইচ খান মঞ্জু দীর্ঘদিন পর দলীয় মনোনয়ন না পাওয়া সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। জয়ের ব্যাপারে আশাবাদী এম এইচ খান মঞ্জু নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেন এবং সর্বাধিক আলোচিত প্রার্থী হিসেবে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকলেও ৩৩ হাজার ৩৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।