রোজবার্তাঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী একাংশ) আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কাবির মিয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনের সংসদীয় আসন নম্বর ২১৫।
গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রার্থীর দলীয় প্রতীক ‘ট্রাক’ এবং তার প্রার্থিতা সংক্রান্ত আপিল সম্পন্ন হয়েছে।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, মো. কাবির মিয়ার বয়স ৫৫ বছর। তার বাড়ি মুকসুদপুর উপজেলার কমলাপুর এলাকায়। তিনি শিক্ষাগতভাবে বি.এ পাস এবং পেশায় একজন ব্যবসায়ী।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি বিচারাধীন এবং ৫টি তদন্তাধীন। বর্তমানে তিনি প্রায় ৮ মাস ধরে কারাগারে রয়েছেন।
আয় ও সম্পদের বিবরণীতে দেখা যায়, তার বার্ষিক আয়ের উৎসের মধ্যে রয়েছে বাড়ি ভাড়া থেকে ৪৮ হাজার টাকা এবং ব্যবসা থেকে ৮০ হাজার ৫০০ টাকা। এছাড়া তার কাছে ৩০ ভরি স্বর্ণ রয়েছে। ২০২৬ সালের আয়কর বিবরণী অনুযায়ী, তার বার্ষিক আয় ৫ লাখ ৭৬ হাজার ৩০৫ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৫ লাখ ৩০ হাজার ৮০৮ টাকা।
রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার ক্ষেত্রে মো. কাবির মিয়া দুইবার মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মুকসুদপুর–কাশিয়ানী বাস মালিক সমিতির সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, এসব তথ্য প্রার্থীর দাখিলকৃত নির্বাচনী হলফনামা ও সংশ্লিষ্ট সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।