রোজবার্তাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (দুপুরে) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার গ্রাম ও উলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের পক্ষে মিনারুল শিকদারসহ প্রায় ১০ জন কর্মী মাহিন্দ্রযোগে রাউতখামার গ্রামে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণে যান। এ সময় তাদের মধ্যে চারজন কর্মী রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছিলেন।
এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী ডা. কে এম বাবরের কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে এসে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেন। একপর্যায়ে তারা কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।
প্রাণভয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা উলপুর বাজারে কালাম কাজীর একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন তারা। এ সময় হামলাকারীরা তাদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও দাবি করা হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হন। পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।