রোজবার্তা:
চব্বিশের জুলাই আন্দোলনের প্রধান শক্তি হয়েও পরবর্তীতে প্রণীত ‘জুলাই সনদ ২০২৫’–এ স্বাক্ষর করেনি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ১৭ নভেম্বর ২০২৫ প্রণীত জুলাই সনদের চার মাস পর আজ ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন জুলাই সনদে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত জুলাই সনদে তারা উল্লেখ করেন, “নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের মাধ্যমে গণরায়কে সম্মান জানিয়ে” তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন। এনসিপির ছয় সদস্যের প্রতিনিধি দলের উপস্থিতিতে স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ পূর্ণতা পেয়েছে বলে অভিমত ব্যক্ত করেন এবং স্বাক্ষর করায় এনসিপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ সময় সরকারের পক্ষের জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনি হায়দার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ সাত মাস ধরে ৩৩টি রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনার পর ১৭ নভেম্বর ২০২৫ সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বয়কটের ঘোষণা দিয়ে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেয় জাতীয় নাগরিক পার্টি। সেই অবস্থান থেকে সরে এসে চার মাস পর অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে আজ জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল এনসিপি।